ভারতের অবৈধ পুশইন প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার মধ্যরাতে বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে সুনামগঞ্জ সীমান্তের মোট ১২০ কিলোমিটার এলাকার মধ্যে ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের এবং বাকি ৩০ কিলোমিটার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ছয়টি স্থানে কাঁটাতারের বেড়া না থাকায় এলাকাগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এসব অরক্ষিত পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
জেডএম