সুনামগঞ্জ–৫ বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলন
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটগ্রহণের দিন নয়, এটি জনগণের ভাগ্য নির্ধারণের দিন।
তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং পরিবর্তনের প্রধান শক্তিও জনগণই।
১ ফেব্রুয়ারি রোববার ছাতক উপজেলা জমিয়তের উদ্যোগে জাউয়াবাজারে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতিমধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। দিন দিন প্রচার আরও জোরদার হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার, ভোটাধিকার ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিএনপির রাজনীতির লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং নাগরিক অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে কলিম উদ্দিন মিলন বলেন, ভোট দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি ৫ আগস্টের গণজাগরণের কথা স্মরণ করে বলেন, যেভাবে সেদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
কলিম উদ্দিন মিলন আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎও বাধাগ্রস্ত হবে। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটের নয়—এটি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শামছুল ইসলাম।
অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আলী নুর ও মাওলানা জিয়াউর রহমান।
এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আকমল হোসাইনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।