সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী আব্দুস সামাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মহব্বতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মারফত আলী, সহসভাপতি সামছুল ইসলাম, সেক্রেটারি পারভেজ হোসাইন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মাওলানা বাশির আহমদ, বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, মুতালিব মিয়া, জফির আলী, চান মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আব্দুস সামাদের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে খুনিদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু আব্দুস সামাদকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, আব্দুস সামাদের মা ও স্ত্রীকেও তারা হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর আহত করেছে। তারা এখন মেডিক্যালে মৃত্যুর সাথে লড়াই করছে।
উল্লেখ্য, শনিবার পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়ে চারদিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোর রাতে মৃত্যুবরণ করে আব্দুস সামাদ (৩৫)।
নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলীর ছেলে। এঘটনার পরের দিন রোববার ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত দু'জনকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
এমএস