‘স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ’-এর উদ্যোগে জেলার মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
গত শনিবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
এর আগে, সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সভাপতিত্বে এবং সভাপতি ওলিউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ শাখার সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল।
অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, এই তরুণ ছেলেরা যেভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখলে শুধু চিকিৎসা সেবা নয়, সব কাজেই অংশ নিতে পারবে।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জহিরুল হক বলেন, স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জে আর্ত মানবতার সেবায় নিয়োজিত। আজকের এই বিশাল মেডিকেল ক্যাম্প সত্যিই প্রশংসার দাবিদার। এরকম গ্রামীণ জনপদে এরকম মানবিক কার্যক্রমে আমার সব সময় সহযোগিতা থাকবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অধ্যাপক কামরুল হাসান তরফদার, ডা. জমির আলী, সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা. রিংকু, ডা. লুৎফর রহমান তহবিলদার রোগীদের চিকিৎসাসেবা দেন।