হোম > সারা দেশ > সিলেট

স্বৈরাচার ফেরত আসার পথকে সুগম করবেন না: ডা. জাহিদ হোসেন

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনৈক্য থেকে যদি বের হয়ে না আসতে পারেন আর সেই ফাঁক দিয়ে যদি স্বৈরাচার ঢুকে যায় এর দায় দায়িত্ব জাতি একদিন আপনাদের ওপর চাপাবে। মনে রাখতে হবে দয়া করে স্বৈরাচার ফেরত আসার পথকে সুগম করবেন না।

শনিবার বিকেল তিনটার দিকে মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, অনেকে অনেক কথা বলেন। কেউ বলছেন পিআর ছাড়া জাতীয় নির্বাচন হবে না, পিআর না হলে স্বৈরাচার আসবে। আমাদের জানতে ইচ্ছা করে বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লেখা আছে? সংবিধানের তো কোনো দোষ নেই। দোষ তাদের, যারা দিনের ভোট রাতে করেছেন, বিনা ভোটে নির্বাচন করেছেন, ডামি নির্বাচন করেছেন। জনগণকে দেশের মালিক মনে না করে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও বিচার মন্ত্রণালয়ের কিছু লোককে কব্জা করে দেশ শাসনের চেষ্টা করেছেন। দেশকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করেছেন। দায় তাদের, সংবিধানের নয়। সংবিধান তো ভালো ভালো কথা লিখেছিল।

তিনি বলেন, সংবিধান স্বৈরাচার হতে বলে না। কিন্তু যারা গণমানুষের অধিকারকে তোয়াক্কা করে না, জনগণের ভোটকে অপ্রয়োজনীয় মনে করে তারাই কর্তৃত্ববাদী হয়ে ওঠে, তারাই স্বৈরাচার হয়। তাই আজ যদি স্বৈরাচারকে রুখতে হয়, রাজনৈতিক মানসিকতা ও সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, নিজেদের ‘আমিত্ব’ থেকে বের হতে হবে।

পিআর প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে নেই। যেমন গ্রেট ব্রিটেনে নেই। ভারতে মাত্র কয়েকটি প্রদেশে, তাও নিম্নকক্ষে নয়। ভারত তো বৃহত্তম গণতান্ত্রিক দেশ তারাও করে না। তাই যারা পিআর চান, জনগণের কাছে যান, বোঝান। জনগণ মেনে নিলে আলহামদুলিল্লাহ। জনগণের রায়ই চূড়ান্ত।

ডা. জাহিদ বলেন, বিএনপি সংস্কারের সাথে চলে। জনগণের উন্নয়নের জন্য যে কোনো সংস্কার প্রয়োজন, বিএনপি তা করেছে। বিএনপি সংস্কার মানে না এ কথা যারা বলে, তারা আয়নায় নিজেদের মুখ দেখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। নারীদের শিক্ষা, বিনা বেতনে বই বিতরণ, উপবৃত্তি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, যুব ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়—এসবই বিএনপি সরকার করেছে। শহীদ জিয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সংগঠিত করে দেশের উন্নয়নে কাজ করেছেন।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ এ জাতীয় ঐক্যের নজির তৈরি হয়েছিল। সারা দেশের মানুষ, ছাত্র-জনতা, গণতন্ত্রপ্রেমী সব রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমেছিল। আজ কেন সেই টেবিল ছেড়ে হঠাৎ রাজপথে নামলেন? এই অনৈক্য কেন? অনৈক্য কাটিয়ে উঠতে না পারলে যদি স্বৈরাচার ফেরত আসে, দায় আপনাদেরই বহন করতে হবে।

মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, সম্মেলনের উদ্বোধক জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও আব্দুল মুকিত।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

প্রথম অধিবেশন শেষে বিকেল চারটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে তৃণমূল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪