হোম > সারা দেশ > সিলেট

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

সিলেট ব্যুরো

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজ বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, গত ৮ জুলাই সন্ধ্যার পর বিমানবন্দরের আবাসিক এলাকার কোয়ার্টার থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন আরিফুল্লাহ জেলিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি কর্মস্থলেও আর যোগ দেননি।

এ ঘটনায় ৯ জুলাই তার সহকর্মী ধনঞ্জয় কুণ্ডু সিলেট বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী।

পুলিশ জানিয়েছে, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর অফিসে আসেননি। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার আশপাশে তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাড়িতেও ফেরেননি। তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। এরই মধ্যে তার সন্ধান দেওয়ার কথা বলে প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা হারিয়েছেন স্বজনরা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি নিখোঁজ হয়েছেন, নাকি অন্য কোনো কারণে কোথাও চলে গেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’এলাকায়ও তার মা-বাবা জিডি করেছেন বলে তিনি জানান।

ঠাকুরগাঁও জেলার বাসিন্দা জেলিনের মা ফরিদা ইয়াসমিন জানান, গত ৭ এপ্রিল জেলিন ঢাকায় নতুন চাকরিতে যোগ দেন এবং পরবর্তীতে তাকে সিলেটে স্থানান্তর করা হয়।

সিলেটে যোগ দেওয়ার পর কাজের অতিরিক্ত পরিশ্রমের কথা ছেলে প্রায়ই তাকে ফোনে জানাত। পরে ছেলের আবদারে মা গত ১৩ এপ্রিল সিলেট আসেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে ১৫ এপ্রিল গ্রামের বাড়ি ফিরে যান। ছুটি কাটিয়ে গত ৭ জুলাই জেলিন পুনরায় সিলেটে তার কর্মস্থলে ফেরেন। পরদিন ৮ জুলাই সকালে মা ফোন করলে তার রুমমেটরা জানান জেলিন ঘুমে আছে। পরে বেলা ১১টার দিকে আবার ফোন দিলে জানানো হয় যে, সে বেডে নেই, হয়তো ছাদে গেছে। এরপর থেকে ছাদে বা আশপাশে খুঁজেও তার আর কোনো সন্ধান মেলেনি।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিডির ভিত্তিতে তদন্ত চলছে। তার মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। গত ৮ জুলাই থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে এবং সর্বশেষ লোকেশন বিমানবন্দর এলাকার আশপাশে পাওয়া গেছে। স্বেচ্ছায় নিখোঁজ হওয়া, অপহরণ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে সারা দেশে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি নতুন পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্র যাচাই করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

এমএইচ

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক

জগন্নাথপুরে বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

হবিগঞ্জে পানিবন্দি ৫ হাজার পরিবার

ডিবির বিশেষ অভিযানে ৩৬ ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার