হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে বিএসএফের সামনে চরম নির্যাতন করেছে ভারতীয়রা। ওই দুই কৃষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার সকালে মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে। পরে হরিণখোলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে রাতে ওই দুই কৃষককে বাংলাদেশে ফেরত আনে বিজিবি।
ভারতীয়দের নির্যাতনের শিকার বাংলাদেশি ওই কৃষকরা হলেন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আ. আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) এবং একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।
ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশি দুই কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন চালায় তারা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অভিযোগ, ওই দুই বাংলাদেশি কৃষক বিনা পাসপোর্ট অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এজন্য তাদের ধরে নিয়ে আটক করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ান-৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।