ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২০ জন জামানত হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলার রিটার্নিং কর্মকর্তা ও ডিসি সারওয়ার আলম বেসরকারিভাবে সিলেটের ছয় আসনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, নির্বাচনে কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পান, তবে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসাবে সিলেটের ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে ছয়জন, সিলেট-২ আসনে তিনজন, সিলেট-৩ আসনে চারজন, সিলেট-৪ আসনে তিনজন, সিলেট-৫ আসনে একজন এবং সিলেট-৬ আসনে তিনজন রয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ২৫ হাজার । বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেনÑগণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪ ভোট), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল (এক হাজার ১৩৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (দুই হাজার ৭০১ ভোট), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (৯০৮ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (২৩৯ ভোট) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসাবাদী) সঞ্জয় কান্ত দাস (৮০১ ভোট)। আসনটিতে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৪০ হাজার ৬৯২ ভোট।
সিলেট-২ আসনে মোট ভোট এক লাখ ৬৪ হাজার। এ হিসাবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ন্যূনতম ২০ হাজার ৫৬৩ ভোট। তিন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেনÑজাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (এক হাজার ৪২০ ভোট) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (এক হাজার ৪০৮ ভোট) এবং গণফোরামের মজিবুল হক (৬৩৭ ভোট)।
সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ চার হাজার। জামানত রক্ষায় প্রয়োজন ছিল কমপক্ষে ২৫ হাজার ৫৮১ ভোট। চার প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেনÑস্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (২৯৭ ভোট) স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (চার হাজার ১৯৯ ভোট), জাতীয় পার্টির আতিকুর রহমান (দুই হাজার ৬৩০ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (এক হাজার ৩৯১ ভোট)।
সিলেট-৪ আসনে মোট ভোট কাস্ট হয়েছে দুই লাখ ৭০ হাজার। এ আসনে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেনÑগণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ (দুই হাজার ৭১৪ ভোট) এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (এক হাজার ৯৬৬ ভোট)।
সিলেট-৫ আসনে ভোট পড়েছে দুই লাখ ১১ হাজার। চারজনের মধ্যে এ আসনে একমাত্র প্রার্থী বাংলাদেশ মুসলিম লীগের বিলাল উদ্দিন (৩৭২ ভোট) জামানত হারিয়েছেন।
সিলেট-৬ আসনে মোট ভোট দুই লাখ ৪৩ হাজার । এ আসনে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেনÑস্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম (২৩ হাজার ৮৪৬ ভোট), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (এক হাজার ৩৮৬ ভোট) এবং জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর (এক হাজার ১৭০ ভোট)।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন এবং সিলেট-৬ আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।