হোম > সারা দেশ > সিলেট

প্রশাসনিক সভায় রেজা কিবরিয়ার স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রশাসনিক সভায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথি হিসেবে রাখাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যেই হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন দে এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলমকে বদলি করা হয়েছে।

রোববার জারি করা পৃথক প্রজ্ঞাপনে লিটন দেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমান এ আদেশে সই করেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সভায় তিনি বক্তব্যও দেন।

সামাজিক মাধ্যমে ওই সভার একটি ছবি ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার এক পাশে বসে আছেন ইউএনও লিটন দে এবং অন্য পাশে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম ও বাহুবল থানার ওসি সাইফুল ইসলাম।

সরকারি সভায় জনপ্রতিনিধির পরিবারের সদস্যের উপস্থিতি এবং প্রধান অতিথির আসনে বসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে এর আইনি বৈধতা নিয়েও।

সমালোচনার পর একদিনের ব্যবধানে ইউএনও ও এসিল্যান্ডের বদলির প্রজ্ঞাপন জারি হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাহুবল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইউএনও আমাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। সেই হিসেবে আমি উপস্থিত হই। এটা সাধারণ এক পরিচিতি সভা ছিল।

ইউএনও লিটন দে বলেন, ওই বিষয়ের সঙ্গে আমাদের বদলির কোনো সম্পর্ক নেই। এটা নিয়মিত কার্যক্রমের অংশ। নির্বাচনের আগে আমার আরেকবার বদলি হয়েছিল। কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। এখন আবার বদলির আদেশ হলো। এটা একটা রুটিন ওয়ার্ক।

এই বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, এটা প্রশাসনিক মিটিং না, এটা জাস্ট একটা পরিচিতি সভা। এটা কোনো আনুষ্ঠানিক মিটিং না। আর বদলির বিষয়টি আমাদের রুটিন প্রক্রিয়া। এই ঘটনার সঙ্গে বদলির কোনো সম্পর্ক নেই।

একসঙ্গে দুজনের বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কাকতালীয়ভাবে হয়েছে বলতে পারেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে হবিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. রেজা কিবরিয়া।

তবে সভা শুরুর কিছুক্ষণ পরে এমপি সভাস্থল ত্যাগ করেন। পরে সেদিনও প্রধান অতিথির আসনে বসেন তার স্ত্রী সিমি কিবরিয়া এবং উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভা শেষে তিনি উপজেলা পরিষদ এলাকা ঘুরে দেখেন। সেই সময় ইউএনও মো. রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম তার সঙ্গে ছিলেন। একইদিন সকালে সিমি কিবরিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ইফতার

সিলেটে এক রোহিঙ্গা আটক, পলাতক আরো ২

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশির শোকে স্তব্ধ পরিবার