হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের নারী-পুরুষ ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) ও বারাম মিয়াকে (৪৮) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫) প্রমুখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টায় উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন এবং একই গ্রামের ইউপি সদস্য মুজিবর রহমান মজুর লোকজনের মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল ৷ এরই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের লোকজনের মধ্যে বিগত কয়েক দিন ধরে বেশ উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যায় সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সঙ্গে মজু পক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু ও মহিবুরের একটি বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আড়াই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন ।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবার হোসেন বলেন, সন্ধ্যায় দুই পক্ষের বাগ্বিতণ্ডার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।