মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যান।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা-বাগানের মোঘলাবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় ওই ভারতীয় নারী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে টহল দল মিলান বর্মনকে আটক করতে সক্ষম হয়। তবে তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যান।
আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার এলাকার যতিন্দ্র বর্মনের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে এ দেশে অবস্থান করছিলেন। পরে দুই বাংলাদেশির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
বিজিবি জানায়, আটক নারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজের নামের ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।
বিজিবির নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত টহল দল তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।
এমই