হোম > সারা দেশ > সিলেট

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতার অবৈধ বালুর ব্যবসা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ সদর উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবৈধ বালু ব্যবসার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মমিনুল ইসলাম মমিন রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ সংলগ্ন এলাকা, পুরাসুন্দা এবং চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁন এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে নৌকাযোগে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করছে একটি চক্র। পরে এসব বালু হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চানপুর খেলার মাঠে এনে স্তুপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাক ও অন্যান্য যানবাহনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, বালু বিক্রির উদ্দেশ্যে ‘জম জম এন্টারপ্রাইজ’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। ওই পেজের মাধ্যমে নিয়মিত বালু বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপনে যোগাযোগের জন্য মমিনুল ইসলাম মমিনের ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও ওই বিজ্ঞাপন শেয়ার করা হয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সুতাং নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী কৃষিজমি, বসতভিটা এবং স্থানীয় পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে।

মমিনুল ইসলাম মমিন বলেন, ‘জম জম এন্টারপ্রাইজ’ নামে কোনো প্রতিষ্ঠানের মালিক তিনি নন এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে ওই ফেসবুক পেজে তার মোবাইল নম্বর ব্যবহারের বিষয়টি এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিজ্ঞাপন শেয়ার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রতিবেদকের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই বালু বিক্রিসংক্রান্ত ফেসবুক পোস্টগুলো মুছে ফেলা হয় বলে জানা গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্‌-আবু-জাহের এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জেডএম

হবিগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

সিলেটে দরগাহর সিলগালা দেওয়া ৩ ডেগ খুলে দেওয়া হয়েছে

শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাস নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বাহুবলে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটে এক গ্রামের ৫ জনের মৃত্যু