তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে আন্তঃনগর পাহাড়িকা ট্রেন সিলেটের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ছেড়ে যায়। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে সিলেটের সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের উপর পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়।
পারাবত ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জে ছেড়ে গিয়ে খোয়াই নদী পাড় হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে, এই কাজ করতে মেকানিকেল লোকবল প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে জানান বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে ফেরত আনা হয়েছে। দুপুর ২টা ৫ মিনিটে পাহাড়িকা ছেড়ে গেছে এবং ইঞ্জিন বিকল হওয়া ট্রেন আধাঘণ্টা পরে সিলেটের দিকে ছেড়ে যাবে।