হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। যে-কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২৩১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদানের দায়িত্বে রয়েছেন আটজন শিক্ষক। তবে দীর্ঘদিন ধরে ভবনটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা বিভিন্ন সময়ে খসে পড়েছে। এতে শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষকরা সতর্কতার সঙ্গে ক্লাস পরিচালনা করলেও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে দুশ্চিন্তা কাটছে না।
অভিভাবকদের অভিযোগ, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবনটি সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ প্রয়োজন। তারা দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হাসান বলেন, “বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “জরাজীর্ণ বিদ্যালয়গুলোর বিষয়ে আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আসছি। বৃহস্পতিবার প্রধান শিক্ষকদের সমন্বয় সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।”
এদিকে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।