হোম > সারা দেশ > সিলেট

ছয় বাস ভর্তি কর্মী পাঠালেও নিজে না থাকায় বহিষ্কার, পুনর্বিবেচনার দাবি যুবদল নেতার

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মহিউদ্দিন ঝাড়ু

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশী এক নারী মারা যাওয়ার কারণে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি বলে দাবি করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। তবে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে সতর্ক করার পরও পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে মহিউদ্দিন ঝাড়ুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়ে মহিউদ্দিন ঝাড়ু জানান, বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নেওয়ার সব প্রস্তুতি থাকলেও মেয়ের হঠাৎ অসুস্থতা ও পাশের বাড়ির এক নারীর মৃত্যুর কারণে তিনি উপস্থিত হতে পারেননি। প্রতিবেশীর জানাজা শেষে তিনি শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার শেষ পর্যায়ে অংশ নেন।

তিনি আরও বলেন, নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও শ্রীমঙ্গল থেকে দলীয় নেতাকর্মীদের মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নেওয়া নিশ্চিত করতে তিনি ছয়টি বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। কর্মসূচিতে নিজের এই অনুপস্থিতিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করে বহিষ্কারাদেশের বিষয়টি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আকুল আবেদন জানান তিনি।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরও মহিউদ্দিন ঝাড়ুর দেওয়া বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহিউদ্দিন ঝাড়ুর মেয়ে অসুস্থ ছিল এবং তার প্রতিবেশী এক নারী মারা যাওয়ায় তিনি জেলা পর্যায়ের কর্মসূচিতে যেতে পারেননি। তবে তার ব্যক্তিগত ব্যবস্থাপনায় ছয়টি বাসে করে শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীরা মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি সফল করতে মহিউদ্দিন ঝাড়ু আগে থেকেই নেতাকর্মীদের নিয়ে একাধিক প্রস্তুতি সভাও করেছিলেন। কেবল পারিবারিক অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে শেষ মুহূর্তে তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি।

মহিউদ্দিন ঝাড়ুর অতীত রাজনৈতিক ত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রীমঙ্গলে বিএনপির রাজনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। সেই সময় উপজেলা যুবদলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে সব দলীয় কর্মসূচি পালন করেছেন মহিউদ্দিন ঝাড়ু। বিভিন্ন রাজনৈতিক মামলায় তাকে একাধিকবার কারাবাসও করতে হয়েছে। চরম প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সর্বদা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম