সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটানা পাঁচদিন ধরে বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কালবৈশাখী ঝড়ে রোববার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়ে পড়েছে।
রোববার বিকেলে কালবৈশাখী ঝড়ে দিরাই -শাল্লা বিদ্যুৎ লাইনের বিভিন্ন অংশে ২০ টি খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ৫দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এলাকাবাসী। উপজেলা সদরের ডুমরা, ঘুঙ্গিয়ারগাঁও এবং উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে আছে। জরুরি প্রয়োজনে জেনারেটর চালিয়ে বিকল্প ব্যবস্থায় সাময়িক কাজ করছেন উপজেলা প্রশাসন। তবে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ি মোববাতিই এখন ভরসা। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।
শাল্লা উপজেলার সদরের ব্যবসায়ী শাহরিয়ার নাইম বলেন, ৫দিন ধরে বিদ্যুৎ নেই ফ্রিজিং করা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে । ব্যবসায়ী সৌরভ চন্দ্র দাস বলেন, বিদুৎ না থাকায় ব্যবসা পুরোপুরি বন্ধ রয়েছে। তিনি বলেন এই সমস্যা প্রতিনিয়তই হয়ে আসছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, বিদ্যুৎহীন অবস্থায় আছে উপজেলা সদর এলাকা। জরুরি গুরুত্বপূর্ণ কাজ জেনারেটর চালিয়ে করতে হচ্ছে। সকল গ্রাহকই ভোগান্তিতে পড়েছেন। পিডিপি কতৃপক্ষ জানিয়েছে ভেঙে যাওয়া খুঁটি মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই বিদুৎ পাওয়া যাবে।
বিদুৎ উন্নয়ন বোর্ড দিরাই-শাল্লার আবাসিক প্রকৌশলী পরশুরাম তরফদার বলেন, আগামীকাল বিকেল নাগাদ বিদুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমই