হোম > সারা দেশ > সিলেট

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চা বাগানের হাজারো নারী-পুরুষ।

জেলায় প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এই উদ্যোগকে নিজেদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।

চা শ্রমিক বিমল উড়াং বলেন, আমরা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে সংসার চালিয়ে আসছি। মজুরি ও রেশন দিয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল চা শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে এই ফ্যামিলি কার্ড চালু করেছেন। এতে আমরা খুবই আনন্দিত।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, চা বাগানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দারিদ্র্য ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটি শ্রমিক পরিবারগুলোর জন্য একটি বড় প্রাপ্তি। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চন্ডিছড়া চা বাগানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, যা এ উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, আমার নির্বাচনি এলাকায় ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি অধিকার ও সার্বিক জীবনমান উন্নয়নের বিষয়ে আমি জাতীয় সংসদে একাধিকবার কথা বলেছি। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সেই বাস্তব অবস্থা উপলব্ধি করে হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন।

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে এবং প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম