মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতা, সংগঠক ও সুধীজনদের সঙ্গে পৌর বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত আটটার দিকে পৌরসভার কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাশ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কুমার দাশ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন কমিউনিটি নেতা।
সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। তিনি বলেন, বিশৃঙ্খলাকারীরা যেন কোনো সুযোগ না পায় সেজন্য সকলে সদা সতর্ক থাকতে হবে। জেলার প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। অতীতে যেমন আমরা হিন্দু ভাইবোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করেছি এবারও যেন তার ব্যতিক্রম না হয়। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
প্রধান অতিথি ফয়জুল করিম বলেন, কুচক্রী মহল যেন কোনোভাবেই সুযোগ নিতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপির নেতাকর্মীরা হিন্দু ভাইবোনদের পাশে রয়েছে। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন রয়েছে আমরা ধর্মীয়ভাবে কারো আইডেন্টিটি দেবো না। আমরা সবাই বাংলাদেশি। সংখ্যালঘু শব্দকে আমরা ট্যাগ হিসেবে দেখি। বিএনপি সংখ্যাগুরু বা সংখ্যালঘু কোনো বিভাজনে বিশ্বাস করে না। বাংলাদেশি পরিচয়ই হোক আমাদের একমাত্র পরিচয়।
তিনি আরও বলেন, জেলার কোনো মণ্ডপে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য বিএনপির প্রতিটি ইউনিটকে সজাগ থাকতে হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক রাখা হয়েছে।