কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মুখলিছুর রহমান বলেছেন, দেশের সবচেয়ে অবহেলিত এলাকার নাম নবীগঞ্জ-বাহুবল। তাই অবহেলিত এলাকার উন্নয়ন অংশীদার হতে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবার জন্য নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী। আমি এমপি হই না হই জনগণের পাশে থাকব। এজন্য দলেরভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কাছে পৌঁছে দিচ্ছি।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট প্রচার ও গণসংযোগে পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সিলেট বিভাগে দলীয় আন্দোলনের সিংহপুরুষ ছিলেন এম ইলিয়াছ আলী, আমি ছিলাম তার কর্মী। ইলিয়াছ আলী গুম হবার পর নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গুম, খুনের ভয়ে কিছুদিনের জন্য দেশের বাহিরে অবস্থান করেছিলাম। পুনরায় দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামাতের ৩১ দফা কর্মসূচির বার্তা জনগণের দোয়ারে দোয়ারে পৌছে দিচ্ছি।
উপজেলার বিভিন্ন পর্যায়ের দলের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড থেকে দলের হাজার হাজার নেতাকর্মী লিফলেট প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমাম শরিফ চৌধুরী জুয়েল, ফারুক আহমেদ, আতিকুর ইসলাম চৌধুরি ফারুক, শেখ মো. আব্দুল বাছিত লিংকন, মুহিবুল ইসলাম শাহিন, ওয়াহিদ মিয়া, সোহেল আহমেদ, কাজল আহমেদ, লুৎফুর রহমান সুমন, শাহ আলম, খন্দকার মন্জুর, সোয়েব আহমেদ ও শেখ সালেহ আহমেদসহ আরো অনেকেই।