হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মনির হোসেন (২৩) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদাবাদ গ্রামের ইলিয়াস মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে উল্লিখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুমানা বেগম (১৮) ও আরিফুল হক (২৪)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়ি শায়েস্তাগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।