চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের ক্লোজড করা হয়।
পুলিশ সদস্যরা হলেন- এসআই খোকন চন্দ্র সরকার, মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল, শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে পাথর তুলছিলেন প্রভাবশালীরা। কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে সেসব পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। তাদের চাঁদা আদায়ের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরালও হয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। আপাতত তাদের প্রত্যাহার করা হয়েছে।