সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীতে উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
তদারকিতে ইমামদের ভূমিকা থাকলে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের মালিকানা অনুভব করবে।
সোমবার সিলেট নগরীর সারদা হলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত মহানগরীতে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে দলের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল। সে লক্ষ্যে ইমামদের মর্যাদা রক্ষায় বিধিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি ইমামদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনে উন্নয়নের বিপ্লব ঘটবে। সিলেট থেকে অনলাইন জুয়া ও মাদক নির্মূলের উদ্যোগ নেওয়া হবে ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট মহানগরীর ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম এবং ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনকে ৩৯লাখ ৪৪ হাজার ৫শ টাকা সম্মানী প্রদান করা হয়।