শুধু সরকারি সহায়তা বা ফ্যামিলি কার্ডের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের স্বাবলম্বী করে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, কৃষিকাজ, হাঁস-মুরগি পালন, গরুর খামারসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে যুক্ত হয়ে মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। একই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি।
শনিবার জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
উপজেলার নিজপাট ইউনিয়নের ৪৬৫ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে এই অনুষ্ঠানকে চাঁদপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সঙ্গে অনলাইনে যুক্ত করা হয়।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, শুধু ফ্যামিলি কার্ড বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। দেশের প্রতিটি মানুষকে উৎপাদনমুখী কাজে যুক্ত হতে হবে। তিনি বলেন, প্রত্যেকের দুটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে।
মন্ত্রী আরো জানান, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ প্রবাসী কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে শ্রমমন্ত্রী তোয়াকুল কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
পরে তিনি গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতারখাল ইস্তি ব্রিজ থেকে সাকেরপকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
এমই