হোম > সারা দেশ > সিলেট

সৌদিতে নির্যাতনের শিকার গৃহকর্মী আকলিমা দেশে ফিরতে চায়

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন। ভুক্তভোগী ওই নারীর নাম আকলিমা খাতুন (৩২)। তিনি উপজেলার চৌমুনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী এলাকার বাসিন্দা।

জানা যায়, আর্থিক অনটনে পড়ে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি ও স্থানীয় দালালের মাধ্যমে কয়েকমাস আগে গৃহকর্মীর ভিসায় তিনি সৌদি আরবে যান। বর্তমানে তিনি দেশটিতে চরম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে আকুতি জানাচ্ছেন।

ভুক্তভোগী আকলিমা খাতুন ফোনে জানান, গত এক মাস ধরে তাকে মারধর ও মানসিক নির্যাতন করা হচ্ছে। ঠিকমতো খাবার, চিকিৎসা কিংবা ওষুধ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “আমাকে যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।” যেই এজেন্সির মাধ্যমে তাকে পাঠানো হয়েছে, তারা কোনো খোঁজখবর রাখছে না বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার বনানীতে অবস্থিত আবির ব্রাদার্স নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং স্থানীয় হরিনখোলা গ্রামের জহির মিয়া নামে এক দালালের সহযোগিতায় তাকে রিয়াদে পাঠানো হয়। এ সময় দালাল বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ওই দালাল তাকে ব্ল্যাকমেল করে দেশে ফেরত আনার জন্য ২ লাখ টাকা দাবি করছে।

আকলিমা খাতুন প্রথমে রিয়াদের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। নির্যাতনের বিষয়টি জানাজানি হলে বর্তমানে তিনি সৌদি সরকারের তত্ত্বাবধানে একটি সেইফ হাউজে রয়েছেন। তবে অভিযোগ রয়েছে, সেখানে গিয়েও গত এক সপ্তাহ ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। একটি অডিও বার্তার মাধ্যমে তিনি নিজের জীবন বিপন্ন বলে জানান এবং সরকারের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানান।

ভুক্তভোগীর স্বামী মাসুক মিয়া বলেন, “অভাবের কারণে দালালের কথায় বিশ্বাস করে স্ত্রীকে সৌদি পাঠিয়েছিলাম। আমাদের তিনটি ছোট সন্তান রয়েছে। এখন স্ত্রী মহাবিপদে—সরকারের কাছে অনুরোধ, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আমাদের সন্তানদের রক্ষা করুন।”

এ বিষয়ে জানতে আবির ব্রাদার্সে একাধিকবার ফোন করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে দালাল জহির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “সে ভালো না লাগার কারণে দেশে আসতে চাচ্ছে। এতে আমার কোনো দোষ নেই। যদি কিছু হয়ে থাকে, সেটা এজেন্সির দোষ। এম্বাসির লোকদেরই তার খোঁজ রাখা উচিত।”

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ড-এর সহকারী পরিচালক মো. নবীর হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেলে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে দেশে ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর