বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আজকের এই দিনটি কেবল উদযাপনের নয় বরং নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন করে স্মরণ করার দিন।
রোববার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত অদম্য নারী সম্মাননা, কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন, যা জাতির অগ্রযাত্রার অন্যতম শক্তি। বাংলাদেশের রাজনীতি ও সমাজে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের কথা বলতে গেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তার নেতৃত্বে দেশের নারীরা রাজনীতি, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। গ্রামীণ নারী থেকে শুরু করে শহরের শিক্ষিত নারী—সবাইকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিনি নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। বেগম জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকার ফ্যামেলি কার্ড চালু করা হয়েছে। নারীরা আর পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ।
সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে নগরীর একটি অভিযাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন কোনো দয়া নয়—এটি একটি জাতির অগ্রগতির অপরিহার্য শর্ত। বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর নেতৃত্বের যে শক্ত ভিত্তি তৈরি হয়েছে, তার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিওমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট উইমেন চেম্বারের পরিচালক শ্যামা হক চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের সহধর্মীনী দিলারা মালিক ও সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারীকে অদম্য নারী সম্মানে সম্মানিত করা হয়।
তারা হলেন- আন্দোলন সংগ্রাম ও নারী উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখার জন্য সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সফল নারী উদ্যোগতা জলি পুরকায়স্থ ও মোছা. রিমা বেগম, কারা নির্যাতিতা নারীনেত্রী বিলাতুন নেছা।
কুইজ প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্তরা হলেন- মোছা. রিমা বেগম, বন্যা সিদ্দিকী ও ফাহিমা আক্তার ফাইজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানা হাবিবা, জেলা মহিলা মহিলা দলের সাবেক সভাপতি সালেহা কবির শেপী প্রমুখ।