সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ধান কেটে বাড়ি ফেরার পর রানা মিয়া (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রানা মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। সোমবার সারা দিন হাওরে ধান কাটার কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন তিনি।
বাড়িতে খাওয়া-দাওয়া শেষে নিজের শয়নকক্ষে বিশ্রামে যান। পরে পরিবারের লোকজনের অগোচরে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।