দীর্ঘ আট বছর পর শনিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩টি কেন্দ্রে একযোগে চলবে ভোটগ্রহণ।এতে সারা দেশের প্রায় ১ লাখ ৩৫ হাজার চা-শ্রমিক ভোট দেবেন।
চা-শিল্পের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলায় চা-বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসনের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট ভোটার ৬০ হাজার ৮৪৭ জন। জেলার সাতটি উপজেলার ১৩৫টি বাগান ও পঞ্চায়েতের অধীনে ৩৫টি পঞ্চায়েত প্যানেল রয়েছে। এর মধ্যে ১৬টি প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি প্যানেলগুলোতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন শ্রমিকেরা।
জেলার সাতটি উপজেলার মধ্যে শ্রীমঙ্গলেই সবচেয়ে বেশি ভোটার। উপজেলার ৪০টি পঞ্চায়েতে মোট ভোটার ১৮ হাজার ৮২২ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোটার কমলগঞ্জ উপজেলায়। সেখানে ২৩টি পঞ্চায়েতে ভোটার ১৪ হাজার ৪৩৫ জন। এ ছাড়া কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ভোটার ১ হাজার ১৫৬ জন।
জেলার চারটি ভ্যালির অধীনে মোট ১৫৭টি বাগান ও পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বালিশিরা ভ্যালিতে ৪৬টি, জুড়ী ভ্যালিতে ৩৬টি, লংলা ভ্যালিতে ৩৪টি এবং মনু-দলই ভ্যালিতে ২৩টি বাগান ও পঞ্চায়েত রয়েছে। এসব এলাকায় নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরও নিয়োজিত করা হয়েছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দুটি পাতা একটি কুঁড়ির দেশ মৌলভীবাজারের মোট ভোটারের একটি বড় অংশই চা-শ্রমিক। দীর্ঘদিন পর তাদের অধিকার আদায়ের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলার সব এলাকায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন,শ্রীমঙ্গলকে সারা দেশের চায়ের রাজধানী বলা হয়। আজ চা-শ্রমিকদের নিজস্ব জনগোষ্ঠীর প্রতিনিধি নির্বাচনের দিন। তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি, সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।