সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের জাংলং নামে এক যুবক। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ওই তরুণীর নাম কুশবু বেগম। তিনি বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। জাংলং চীনের ফ্রহিং ঝেন ক্সিং কমিনিউটি পুলিয়াং টাউন চিন আন হুই সুসং কাউন্টের বাসিন্দা ঝং ইউং গেল এবং হি ইউ ইয়িংয়ের ছেলে।
গত রোববার ঢাকায় কুশবু বেগমের সঙ্গে চীনা নাগরিক জাংলংয়ের বিয়ে সম্পন্ন হয়। গত সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। দুই দেশের নাগরিকের মধ্যে এই বৈবাহিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।