পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে সিলেট-২ ওসমানীনগর-বিশ্বনাথ আসনে দলীয় নেতাকর্মী, শুভ্যানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি গ্রামের সাধারণ ও প্রান্তিক মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত হুমায়ুন কবির।
সোমবার দুপুর ১২টার দিকে সিলেট সার্কিট হাউজ থেকে বিশ্বনাথ উপজেলার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি সেখানে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। নিজেই মোটরসাইকেলে বসে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা পুরো উপজেলায় ব্যাপক সাড়া ফেলে।
দিনব্যাপী কর্মসূচির একপর্যায়ে উপজেলা সদর থেকে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মাঠে শিশুদের ফুটবল খেলা দেখতে পেয়ে তিনি গাড়িবহর থামান। পরে শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে নিজেই একটি শট নিয়ে তাদের উৎসাহিত করেন। উপদেষ্টার এই আন্তরিকতায় শিশু-কিশোরসহ স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সন্ধ্যার পর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ এনায়েত হোসেনের আমন্ত্রণে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে যান তিনি। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের বুরুঙ্গা এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করেন হুমায়ুন কবির। পরবর্তীতে তিনি উমরপুর ইউনিয়নের আবসপুর গ্রামে নিজ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেখান থেকে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হন।