হোম > সারা দেশ > সিলেট

নামেই শিল্পনগরী, ভেতরে আগাছার রাজত্ব

এম ইদ্রিস আলী, মৌলভীবাজার

চা শিল্পের সমৃদ্ধ উপজেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। শিল্পোদ্যোক্তাদের চাহিদার লক্ষ্যে উপজেলার উত্তরসুর এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। কর্মকর্তাদের জন্য নির্মিত হয় নানা সুবিধাসম্বলিত একাধিক ভবন, মসজিদ, পুকুরসহ দৃষ্টিনন্দন স্থাপনা। তবে শুরুতে প্রচার-প্রচারণার অভাব, লোকবল সংকট ও প্লটের অস্বাভাবিক দাম থাকায় আকৃষ্ট করা যায়নি শিল্পোদ্যোক্তাদের।

এছাড়া প্লটের অস্বাভাবিক দাম থাকায় স্থানীয় পর্যায়ের কোনো শিল্পোদ্যোক্তা প্লট কিনতে আগ্রহী হননি। এতে এ শিল্পনগরীর কোনো প্লট বরাদ্দ যায়নি। তবে চার বছর পর ২০২৩-২৪ সালের শেষের দিকে শুধুমাত্র কাগজপত্রে ৫৬টি প্লট জেলার বাইরের কিছু শিল্পোদ্যোক্তার কাছে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এসব প্লটের শিল্পোদ্যোক্তাদের দৃশ্যমান কোনো কার্যক্রম এখনও শুরু হয়নি।

এরই মধ্যে এ শিল্পনগরীর বিদ্যুতের মূল্যবান সাতটি ট্রান্সফরমার চুরি গেছে। এতে বিগত কয়েক বছর ধরে পুরো শিল্পনগরী বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে। পাশাপাশি শিল্প নগরীর গ্যাস সংযোগ লাইনের পাইপ কেটে নিয়ে গেছে চোর চক্র। পুরো বিসিক শিল্পনগরী এলাকা বুনো গাছপালা আগাছায় ঢেকে রয়েছে। তদারকির অভাবে নির্মিত ভবন কোয়াটারসহ অন্য অবকাঠামোগুলো অকেজো হয়ে পড়ছে।

সম্প্রতি অতিরিক্ত কর্মকর্তা হিসেবে একজনকে শ্রীমঙ্গল বিসিকে প্রশাসনিক নিয়োগ দেওয়া হলেও মূলত একজন নৈশপ্রহরী ২০ একরের বিশাল এ শিল্প প্রতিষ্ঠানটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

নৈশপ্রহরী বিশ্বজিৎ জানান, বিশাল এ প্রতিষ্ঠানটিকে একাই তাকে দেখভাল করতে হচ্ছে। একাধিকবার রাতে ডাকাতের হামলায় পড়েছেন। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক তাজুল ইসলাম নামে এক শিল্পোদ্যোক্তা ক্ষুব্ধ হয়ে শ্রীমঙ্গল বিসিকের এ অবস্থার প্রশাসনকে দায়ী করলেন।

মিন্টু নামে এক উদ্যোক্তা জানান, তিনি প্রথমে একটি প্লট নিলেও বিসিকের কোনো সুযোগ-সুবিধা না থাকায় ফিরিয়ে নেন। বর্তমানে কাগজে-কলমে প্লট নেয়া শিল্পোদ্যোক্তাদের সবাই বাইরের জেলার। স্থানীয়ভাবে কেউ নেই।

বিসিক শিল্পনগরীর অতিরিক্ত কর্মকর্তা মুনায়েম ওয়ায়েদ জানান, বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় বিভিন্ন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

তবে এ শিল্পনগরী সচল করতে সব ধরনের সহায়তার উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনাকে লক্ষ্য রেখে ২০১৯ সালে ১১৯টি প্লটের শিল্পনগরী গড়ে তুলতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়।

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

হবিগঞ্জে ট্রাক্টরের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত

জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি

খাল খননের সময় মিলল মর্টার শেল, এলাকাজুড়ে আতঙ্ক

সিলেট সিটিতে নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রথম কাজ

মাঠে গরু চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ওসিকে গালাগাল করা সেই বিএনপি নেতার জামিন