সুনামগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়ায় দুই আইনজীবীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। আটক আসামি দুজন হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মনিষ কান্তি দে মিন্টু এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ। এ ঘটনায় রাতেই ২৭ আইনজীবীকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী হলেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই আইনজীবী।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এই সংগঠনের নেতারা স্মৃতিসৌধে স্লোগান দিয়েছেন। যারা স্লোগান দিয়েছেন, তারাই আসামি হয়েছেন।
জানা গেছে, স্বাধীনতা দিবসে বেলা ১১টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। তারা জয় বাংলা স্লোগান দিয়ে আদালত চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্মৃতিসৌধে তারা ছাড়া অন্য কোনো সংগঠন ছিল না। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। পরে স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।