সিলেট মহানগরের ব্যস্ততম জিন্দাবাজারের অভিজাত শপিংমল আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকানে থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার আড়াই'শ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।
আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্স নামক দোকানে (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) এই বিপুল পরিমান স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান লাগিয়ে বাসায় যাই। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দোকান খুলতে এসে এই চুরির ঘটনা ধরা পড়ে। সম্ভবত বৃহস্পতিবার রাতে বা সকালের কোনো এক সময় চোর শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোর নতুন তালা লাগিয়ে গেছে।চোরেরা দেকানের সিসি ক্যামেরার ডিভিও নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এময় মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জুয়েলারি সমিতির সভাপতি সওদাগর মিয়া সহ মার্কেট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
পুলিশ বলছে সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যাবার ফলে চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দেশকে বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। চোররা সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে । আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি।