সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালেক) দক্ষিণ সুরমার বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তার বাসভবন খাজা মহলে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দুপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য। একই সঙ্গে নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা জানিয়েছেন তিনি।
হামলার ঘটনার বর্ণনা দিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেন, আমি বাইরে থেকে এসে রাত ২টা ৪৫ বা ৩টার দিকে ঘুমাতে গিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখতে পান, একটি পিকআপে করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে আগুন ধরে যায়। তবে বাসায় ফায়ার এক্সটিংগুইশার থাকায় নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় বড় ধরনের মানসিক ক্ষতির কথা উল্লেখ করে এমপি আব্দুল মালিক বলেন, আমাদের ফায়ার এক্সটিংগুইশার থাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। নাহলে তো একবারে পুরা বাড়ি এক মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। এই ঘটনায় পরিবারে মানসিক অশান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে বড় একটা মানসিক ক্ষতি। এখন এই বাড়িতে কেউ থাকতে গেলেও রাত্রে ভয় পাবে। আমার ওয়াইফ তো মানে কালকে থেকে এক ধরনের একটা ডিপ্রেশনের মতোই, কারণ এইটাতে তারা তো অভ্যস্ত না। এই আমার ছেলেও সে রাত্রে বাইরে গেছে। এটা একটা মানসিক অশান্তি এবং লাইফের তো রিস্ক আছেই।
হামলার নেপথ্যে আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, গত দিনও আমরা দক্ষিণ সুরমায় সন্ত্রাসবিরোধী র্যালি করেছি। এই সন্ত্রাসী চক্রকে ফান্ডিং ও উসকানি দেওয়া হচ্ছে। এমনকি আমরা এখানে কারো সঙ কথা বলার আগেই লন্ডন থেকে আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা হামলার ভিডিওসহ এ নিয়ে প্রথম নিউজ করেছে। দিল্লিতে বসে শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় এসব হচ্ছে।
তিনি দাবি করেন, এর আগেও লন্ডনে তাঁর ওপর একাধিকবার হামলা হয়েছে। এমনকি গাড়িতে ট্র্যাকার লাগিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, খোদা না খাস্তা আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে এর জন্য তারাই দায়ী থাকবে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি আব্দুল মালিক বলেন, গত ১৫–১৬ বছর মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি, কিন্তু এখন সবাই নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে। আমি এমপি হওয়ার পর নিশ্চিত করেছি যেন আওয়ামী লীগের কেউও মানবাধিকার থেকে বঞ্চিত না হয় বা আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধৈর্য্য ধারণ করে চলার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, হুমকি-ধামকি বা মহড়া দিয়ে আমাকে দমানো যাবে না। ‘সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ নিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।
পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। আগুনে তেমন ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এমএইচ