সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আফসানা খুশী (১৯), স্নেহা চক্রবর্তী (২০) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০)।
জানা যায়, স্নেহা চক্রবর্তী শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের বাসায় ফিরছিলেন। তাঁর গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে স্নেহা চক্রবর্তীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।