সিলেট নগরীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাগবাড়ী এলাকার তকদীর পয়েন্ট সংলগ্ন পিডিপি গেইটের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় সংঘবদ্ধভাবে কিশোর গ্যাং কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদরের আশকুড়ি বীরগাঁও এলাকার সাদি ইসলাম সানি (১৮), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি গ্রামের আবুল মড়ল (১৮), হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার নাহিদ আহমেদ রনি (১৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহমুদপুর গ্রামের রিফাত তালুকদার (১৮) এবং তাহিরপুর উপজেলার রামসিমপুর গ্রামের জনি আহম্মেদ (১৯)। বর্তমানে তারা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।