মৌলভীবাজারের রাজনগরে টেপের পানি ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার পাঁচগাও ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরপুর এতিমখানা মাদ্রাসার ছাত্র আসরাফুল আলম (৯) নলকূপের টেপের পানি দিয়ে হাত, মুখ ধুতে গেলে এলাকার রুমন ইসলাম অতিরিক্ত পানি ফেলা হয়েছে বলে ওই ছাত্রকে বাধা ও গালি দেন। এতে আসরাফুল আলমও পাল্টা গালি দেন, ক্ষিপ্ত হয়ে রুমন ইসলাম তাকে মাথার ওপর তুলে আছর মারে। এতে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- শাহারা বেগম (৫০), ইয়াছিন মিয়া (৪৬), আলামিন মিয়া (২৪) ও জয়নাল মিয়া (৩১)।
পাঁচগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আহমেদ জুবেল জানান, তিনি খবর পেয়ে সংঘর্ষস্থলে ছুটে যান। উভয়পক্ষকে শান্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে ফলে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। পরে রাজনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজনগর থানা ওসি মুহাম্মদ ফরিদ আহমদ ভূইয়া বলেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে উভয়পক্ষের বিরোধ সমাধানের চেষ্টা করবো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এএস