হবিগঞ্জের বাহুবলে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছশৃঙ্খল আচরণ ও হট্টগোল করার অভিযোগে জমির উদ্দিন (২৬) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জমির উদ্দিন উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জমির উদ্দিনকে (২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় দণ্ডিত ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধপ্রবণতা বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন এবং মাদকসংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
এমএইচ