সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) সকালে পৌরসভাধীন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালসংলগ্ন দক্ষিণ পাশের একটি টিনশেড ছাপরাঘর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আনাস আলী (৩২)। তিনি জগন্নাথপুর আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনাস আলী অবিবাহিত ছিলেন। বিগত কয়েক বছর যাবৎ তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মাঝেমধ্যে বাড়িতে অবস্থান করলেও বেশির ভাগ সময় রাস্তাঘাটে চলাফেরা করতেন। রোববার সকালে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশে একটি ঘরে তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।