হোম > সারা দেশ > সিলেট

ভারী বৃষ্টিপাতে ডুবছে হাওর, ফসল রক্ষায় মরিয়া কৃষক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জের মধ্যনগরসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে পাকার মুখে থাকা বোরো ধান নিয়ে চরম শঙ্কায় পড়েছেন কৃষকরা। আর মাত্র পনেরো দিন পর যে ধান ঘরে তোলার কথা ছিল,তা এখন পানিতে ডুবে পচন ধরছে।

সরেজমিনে টগার হাওর ও রুপেশ্বর হাওর ঘুরে দেখা যায়,দিগন্তজোড়া সবুজ মাঠ এখন অথই পানির নিচে। স্থানীয় কৃষকদের ভাষ্য,এই হাওরগুলোর প্রায় অর্ধেক জমি ইতোমধ্যে তলিয়ে গেছে।পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় অসহায়ভাবে ধান নষ্ট হতে দেখছেন তারা। টগার হাওরের বিস্তৃতি বেশি হওয়ায় সেচ মেশিন দিয়ে পানি নামানো কার্যত অকার্যকর বলেও মন্তব্য করেছেন টগার হাওরের কৃষকরা।

তবে উপজেলার কাইল্যানী, রুপেশ্বর, গোড়াডুবা ও বানচাপড়া হাওরসহ কয়েকটি এলাকায় নিজেদের উদ্যোগে সেচ মেশিন বসিয়ে দিন-রাত পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষকরা।মেশিন দিয়ে পানি নিষ্কাশন করা হলেও বৃষ্টি কারণে শঙ্কা কমছে না কৃষকদের।

টগার হাওরের কৃষক মো.শাহানুর মিয়া বলেন, এবছর ১৪ একর জমিতে ধান লাগিয়েছিলাম।এর মধ্যে ৮ একর জমির ধানেই পানির নিচে তলিয়ে গেছে।চোখের সামনে জমি তলিয়ে গেলেও কিছু করতে পারি নাই।যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তবে আমাকে এ ক্ষতির মূখে পড়তে হতো না।”

একই হাওরের আরেক কৃষক মো.জাহাঙ্গীর আলম বলেন, টানা বৃষ্টিতে এই হাওরের প্রায় অর্ধেক জমি পানির নিচে তলিয়ে গেছে।পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। টঙীর বাঁধে একটি স্লুইসগেট থাকলে এমন দুরবস্থার সৃষ্টি হতো না। এছাড়া মনাই নদী ও হাওরের অংশবিশেষ খনন করে স্থায়ী সমাধান জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ এলাকার কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।

কাইল্যানী হাওরের কৃষক স্বজন বিশ্বাস জানান,জলাবদ্ধতায় অনেক জমি নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট জমি রক্ষায় নিজেদের খরচে অর্ধশতাধিক সেচ মেশিন বসিয়েছেন তারা। প্রশাসনের সহযোগিতা পেলে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

রুপেশ্বর হাওরের কৃষক মো.নুর আলম বলেন, এই ধানই আমাদের সারা বছরের ভরসা।চোখের সামনে বৃষ্টির পানিতে জমি তলিয়ে যাচ্ছে।শেষরক্ষায় শতাধিক মেশিন বসিয়েও পানি কমানো যাচ্ছে না।প্রতিদিনই পানি বাড়ছে,মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে।

স্থানীয় শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন,নদী ও হাওরের নাব্যতা কমে যাওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।এ সমস্যা সমাধানে নদী-হাওর খনন এবং প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট নির্মাণের বিকল্প নেই।হাওরের জলাবদ্ধতা নিরসনে সরকার স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করলে কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে মধ্যনগর উপজেলায় ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত ২৫০ হেক্টর জমি ইতোমধ্যে পানিতে আক্রান্ত হয়েছে। তবে স্থানীয়দের দাবি,ক্ষতির পরিমাণ আরও বেশি।

কৃষকদের ভাষ্য, এ বছর ভালো ফলনের আশা ছিল। কিন্তু অকাল বৃষ্টি সেই আশায় পানি ঢেলে দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, টানা বর্ষণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নদীর পানিও বেড়েছে।ফলে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না।কিছু কিছু জায়গায় সেলু মেশিন বসিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবধরনে প্রস্তুতি আমাদের রয়েছে।ভবিষ্যতে এধরণের সমস্যা স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

হাওর রক্ষাবাঁধ পরিদর্শনে এসে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি খাল খনন করা। হাওর ও হাওরের বাইরের খালগুলো যদি খনন করা যায় তাহলে পানি অপসারণের জন্য যে বাধা,তা থাকবে না। মূলত বাইরের পানি প্রতিরোধ করার জন্য বাঁধ দেওয়া হয়। উপযুক্ত স্থানে স্লুইসগেট নির্মাণসহ কৃষকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি বিষয় সরকারের পরিকল্পনায় রয়েছে।

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

জামালগঞ্জে অবৈধ মজুত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঘরে ঢুকে মুরগি খেতে এসে ধরা পড়লো ১৪ ফুটের অজগর

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

‘বৃত্তির শিক্ষার্থীরা আগামী দিনের আলোকবর্তিকা’

সিলেটে বাড়ছে হামের সংক্রমণ, পাঁচ দিনে আক্রান্ত ৩৯

ভূমধ্যসাগরে জগন্নাথপুরের ৫ তরুণের মৃত্যু: পাঁচ দালালের বিরুদ্ধে মামলা

সরকারি চাল পাচারের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব এখন পারভেজ