সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা থেকে ২ ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে এ উপলক্ষে ব্রিফিং করেন ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নুর উদ্দিন আহমেদ।
সীমান্তে ফোর্স ও নজরদারি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বিজিবির অধিনায়ক জানান, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
তাছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে। দৈনন্দিক টহল ছাড়াও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এদিকে ১১ নভেম্বর বেলা দেড়টায় মিনাটিলা বিওপির ১২৮২ পিলারের ৯ ও ১০ এস পিলারের মধ্যে দিয়ে অস্ত্রসহ ২ ভারতীয় খাসিয়া নাগরিক বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে আটক করা হয়েছে।
খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভিতরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। এ সময় ঐ এলাকায় টহলরত বিজিবির টহল দল ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ২টি দা, ও ২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ তাদের আটক করে। পরে তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজিবির অধিনায়ক আরো জানান, জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত সুরক্ষায় কাজ করা হচ্ছে। এ বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ১০টি অস্ত্র ৫৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা ও ১৭৩টি পুশইন ঠেকানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার ভারত থেকে এসে সভা করার বিষয়ে তিনি বলেন, সভা করার জন্য রঞ্জিত সরকার ভারত থেকে যে এসেছেন এর কোন সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এটা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সচেতনতামূলক ব্রিফিং করেন এবং সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে তাদের সহযোগিতা চান।
এমএইচ