জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও প্রবাসী অধ্যুষিত জনপদ হিসেবে সিলেটকে আধুনিক ও আন্তর্জাতিক মানের অঞ্চলে রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (২৯ মে) বিকেলে ওসমানীনগরে গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সিলেটকে আন্তর্জাতিক পর্যটন ও আকাশ যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। সিলেট-কক্সবাজার সরাসরি বিমান রুট চালুসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সিলেটের আকাশ যোগাযোগ সম্প্রসারণে কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি জানান, সিলেট-কক্সবাজার রুট চালুর পাশাপাশি চীনের গুয়াংঝুসহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতিও চলছে। এর ফলে প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন শিল্প ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসীদের নিরাপত্তা ও হয়রানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রবাসীদের জায়গা-জমি, বসতভিটা দখল, চাঁদাবাজি ও পারিবারিক জটিলতার অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সিলেট-২ আসনসহ পুরো সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কোনো বলয়ের পচা রাজনীতি কিংবা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা রাখতে হবে। কোনো সাংবাদিক সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার হলে সরকার তার পাশে থাকবে।