হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) ও একই এলাকার অহিবুর রহমান (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার গত ১৯ জুন রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের এক দল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে।
একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটি চালিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সামছুল আলম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর র্যাব দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমই