টানা পাঁচ দিন দরপতনের পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অধিকাংশ ইস্যুর শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
পর্যালোচনায় দেখা যায়, টানা পাঁচ দিন দরপতনের পরিপ্রেক্ষিতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮৮ পয়েন্ট কমে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। এ পরিস্থিতিতে ডিএসইতে বেশির ভাগ ইস্যুর শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হলে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে অধিকাংশ ইস্যুর শেয়ার দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়।
দিন শেষে ডিএসইর ৩৩৬টি ইস্যুর শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ২১টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৩ পয়েন্ট বেড়ে ৫,৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুটির মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ২,০৮৭ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১,০৯৩ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৭ কোটি ৬৯ লাখ টাকা।
সোমবার লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৫ লাখ টাকার। তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের ১৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ ইস্যুর তালিকায় রয়েছে যথাক্রমে শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।
অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি ইস্যুর মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬১টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৯ কোটি ২০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২১ কোটি ৩৪ লাখ টাকা।