তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত সংগঠনগুলো শ্রমিকদের দিয়ে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (জি-ফপ)। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সংগঠনটি।
লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের বিষয়ে সরকারের ঘোষণার পর শ্রমিকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে ।
সংগঠনটির দাবি, আওয়ামী লীগ-সমর্থিত ও তাদের রাজনৈতিক বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি শ্রমিক ফেডারেশন নাম পরিবর্তন করে অন্যান্য সময়ের তুলনায় বেশি সক্রিয় হয়ে উঠেছে। মজুরি বোর্ড গঠন ও মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে গত ১২ অক্টোবর রাজধানীর উত্তরায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রসঙ্গ তুলে ধরেন সংগঠনটির নেতারা। তাদের অভিযোগ, শ্রমিক পরিচয়ে একদল বহিরাগত লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে এবং বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে। এ সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা।
এ সময় শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উত্তরার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।