হোম > বাণিজ্য

আলুকে বিশ্ববাজারে তুলে ধরতে ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে ‘আলু উৎসব’

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশে আলু উৎপাদন, বিপণন ও রপ্তানিতে এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ‘পটেটো ফেস্টিভ্যাল-২০২৫’ আয়োজন করা হচ্ছে। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হবে এ উৎসব।

শনিবার এক সংবাদ সম্মেলনে আলু উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিসিএসএ আয়োজিত এই উৎসবে কৃষক, গবেষক, রপ্তানিকারক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সমগ্র বাজারব্যবস্থায় উদ্ভাবন, বিনিয়োগ ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই আলু খাত গড়ে তোলাই উৎসবের প্রধান উদ্দেশ্য বলে জানান অনুষ্ঠানের বক্তারা।

মোস্তফা আজাদ চৌধুরী বলেন, বাংলাদেশে গত কয়েক মৌসুমে আলুর অতিরিক্ত উৎপাদন, হিমাগার সংকট, নিম্নমূল্য এবং রপ্তানির সীমাবদ্ধতা কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। বিশেষ করে ২০১০ সালের পর থেকে বিভিন্ন সময়ে উৎপাদন বৃদ্ধি পেলেও বাজার চাহিদা স্থিতিশীল ছিল না। ২০১০, ২০১৪, ২০১৯ এবং ২০২৩ মৌসুমে উৎপাদন বাড়লেও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা না থাকায় চাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা লোকসানের শিকার হন।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো প্রতি বছর ছয় থেকে সাত লাখ টন আলু বিদেশে রপ্তানি করে থাকে। যেখানে বাংলাদেশ ২০২৫ সালে সর্বোচ্চ আনুমানিক ৭২ হাজার টন আলু রপ্তানি করেছে। আলু রপ্তানির পরিমাণ কীভাবে পার্শ্ববর্তী দেশের পর্যায়ে উন্নীত করা যায়, তা নিয়ে এই আন্তর্জাতিক মেলার প্যানেল অধিবেশনে আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, ‘পটেটো ফেস্টিভ্যাল-২০২৫’-এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি সংগঠনগুলো আধুনিক প্রযুক্তিতে মানোন্নয়ন, উত্তম কৃষিচর্চা, নিরাপদ উৎপাদন, সংরক্ষণব্যবস্থা উন্নয়ন ও রপ্তানি মান বজায় রাখার ওপর বিশেষ জোর দেবে। উৎসবে বিভিন্ন জাতের আলু, চিপস, প্রক্রিয়াজাত খাবার, কোল্ড–চেইন প্রযুক্তি, যন্ত্রপাতি এবং উদ্ভাবনী কৃষিপণ্য প্রদর্শিত হবে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন জাতের আলুসহ দেশের প্রধান উৎপাদন অঞ্চলগুলোয় ব্যবহৃত প্রযুক্তিগত অগ্রগতি এখানে তুলে ধরা হবে। উৎসবে ইয়ং এন্ট্রাপ্রেনিউরস, স্টার্টআপ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন প্রজন্মের কৃষি-উদ্যোক্তা হিসেবে নিজেদের ভাবনা তুলে ধরবে।

আয়োজক কমিটি জানায়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সমাপনী অনুষ্ঠানে ১০ জন আলুচাষিকে সম্মাননা দেওয়া হবে।

আয়োজকরা আশা করছেন, ‘পটেটো ফেস্টিভ্যাল-২০২৫’ আলুর উৎপাদন, বিপণন ও রপ্তানিতে বড় ভূমিকা রাখবে এবং দেশের কৃষি–অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল