ব্যাংকের প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট শেয়ারধারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। পাশাপাশি ওই ব্যক্তির নিজ নামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ শেয়ার মালিকানাও থাকতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত, শেয়ারধারী কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, প্রতিনিধি পরিচালকদের ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কোনো কোম্পানি তার নিট সম্পদের (নেট ওয়ার্থ) চেয়ে বেশি মূল্যমানের শেয়ার একক বা একাধিক ব্যাংকে ধারণ করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান এ সীমা অতিক্রম করলে ছয় মাসের মধ্যে তা নামিয়ে আনতে হবে। এছাড়া প্রতিনিধি পরিচালক মনোনয়নের আগে তার নিজ নামে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ অথবা অন্যান্য কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২০ শতাংশ দায়মুক্ত শেয়ার মালিকানা থাকতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পুরো সময় এ মালিকানা বজায় রাখতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তন করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। পূর্বানুমোদন নেওয়ার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারী প্রতিষ্ঠানের মালিকানা থাকার প্রমাণপত্রও জমা দিতে হবে। এর আগে ব্যাংকের পর্ষদে শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালককে পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা মানতে হবে। এছাড়া ব্যাংকের পরিচালক ও সংশ্লিষ্টদের অবগতির জন্য সার্কুলারের বিষয়টি পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। পাশাপাশি কর্মকর্তা ও শেয়ারধারীদের নজরে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগে এস আলমসহ বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক হিসেবে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার নজির ছিল, যারা সংশ্লিষ্ট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ছিলেন। এতে প্রতিনিধি পরিচালকের স্বাধীনতা, প্রকৃত মালিকানার প্রতিনিধিত্ব ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিভিন্ন ক্ষেত্রে এসব পরিচালকের মাধ্যমে ব্যাংকের পর্ষদে গ্রুপের স্বার্থ প্রাধান্য পাওয়ার অভিযোগও উঠেছে।
তারা জানান, শেয়ারধারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিনিধি পরিচালকের প্রকৃত মালিকানা ও স্বার্থের সম্পর্ক নিশ্চিত করা এবং শুধু কোনো গ্রুপের কর্মকর্তা বা ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার ভিত্তিতে ব্যাংকের পর্ষদে বসার সুযোগ বন্ধ করতেই নতুন শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিনিধি পরিচালকের নিজস্ব শেয়ার মালিকানা বাধ্যতামূলক করায় ভবিষ্যতে ব্যাংকের পর্ষদে কার স্বার্থে কে প্রতিনিধিত্ব করছেন, সেটিও যাচাই করা সহজ হবে।