হোম > বাণিজ্য

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চার স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে তাদের মৌখিকভাবে পদত্যাগের নির্দেশ দেন কেন্দ্রীয় ব্যাংক। এরপর রোববার তারা পদত্যাগ করেন। ফলে ব্যাংকটির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ২০ জন পরিচালকবিশিষ্ট কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে কমপক্ষে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। পরিচালক সংখ্যা এর কম হলে অন্তত দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। অথচ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে বর্তমানে একজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন।

পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ এবং পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান।

পদত্যাগকারী পরিচালকদের একজন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি পদত্যাগের মৌখিক নির্দেশ পাওয়ার পর তারা পদত্যাগপত্র জমা দেন।

সংশ্লিষ্টরা বলেন, কেন্দ্রীয় ব্যাংক সুশাসন নিশ্চিত করতে চায়। কিন্তু তারাই যদি স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগে বাধ্য করে, তাহলে ব্যাংকে সুশাসন কীভাবে নিশ্চিত হবে—সে প্রশ্ন উঠেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম ও কেডিএস গ্রুপ যৌথভাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনা করত। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আবদুস সামাদ লাবু। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানও ব্যাংকটির পরিচালনায় যুক্ত ছিলেন।

সরকার পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নেওয়ার পর তাঁরা ব্যাংকের আগের আমলের অনিয়ম ও দুর্নীতির বিষয় নিরীক্ষা করান। এসব বিশেষ নিরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও আর্থিক অসংগতির তথ্য উঠে আসে।

জানা গেছে, গত জুলাই মাসে ব্যাংকটিতে কেডিএস গ্রুপের নিয়ন্ত্রণ ফেরানোর উদ্যোগ হিসেবে পুরোনো ১৪ জন শেয়ারধারীকে পরিচালক পদে পুনর্নিয়োগ দেওয়া হয়। পুনর্গঠিত পর্ষদে বদিউর রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেন। কেডিএস গ্রুপের সেলিম রহমান নির্বাচিত হন নির্বাহী কমিটির চেয়ারম্যান।

অভিযোগ উঠেছে, পুরোনো শেয়ারধারী কেডিএস গ্রুপের হাতে ব্যাংকটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই চার স্বতন্ত্র পরিচালককে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমডিদের ১০০ নম্বরের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

সার বিতরণে অনিয়ম ঠেকাতে মাঠে গোয়েন্দারা

বিসিআইসির ঘাড়ে অতিরিক্ত ৬১ কোটি টাকার বোঝা

ডিম্যাট করা যাবে অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারও

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম

কমল স্বর্ণের দাম

রাষ্ট্রায়ত্ত চিনিকলের পুনরুজ্জীবনে সহায়তায় আগ্রহী পাকিস্তান

মূলধনী যন্ত্র আমদানি কমেছে ৩৩ শতাংশ

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল