হোম > বাণিজ্য

সাড়ে ২৬ হাজার কোটি টাকা ব্যাংকঋণ কম নিল সরকার

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

সদ্য বিদায়ী অর্থবছরে সরকার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা কম ব্যাংকঋণ নিয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে সরকারের ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছিল ৯৯ হাজার কোটি টাকা। এ সময় সরকার ঋণ নিয়েছে ৭২ হাজার ৩৭২ কোটি টাকা। তবে অর্থবছরের শুরুতে সরকারের ঋণ চাহিদা কম থাকলেও শেষদিকে এসে তা বেড়েছে। গত ১৫ জুন পর্যন্ত সরকারের নিট ঋণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। যদিও শেষ ১৫ দিনে সরকার ঋণ পরিশোধ করার কারণে তা আবার কমে আসে। মূলত সঞ্চয়পত্রের ঋণ কমা ও রাজস্ব আদায় বৃদ্ধি না হওয়ার কারণে শেষদিকে ঋণের চাহিদা বাড়ে বলে জানান সংশ্লিষ্টরা।

‎‎বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ৩৪৭ কোটি টাকা। গত বছরের জুন পর্যন্ত ঋণ ছিল চার লাখ ৭৪ হাজার ৪৯০ কোটি টাকা। সামগ্রিকভাবে সরকারের ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে থাকলেও বাণিজ্যিক ব্যাংকে অনেক বেড়েছে। গত ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকে ঋণ স্থিতি এক লাখ ৩৬ হাজার ৩৬৯ কোটি টাকা বেড়ে চার লাখ ৫৪ হাজার ৮১০ কোটি টাকায় ঠেকেছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকে আগের দায় পরিশোধ হয়েছে ৬৩ হাজার ৯৯৭ কোটি টাকা। এতে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ স্থিতি কমে ৯২ হাজার ৫১ কোটি টাকায় নেমেছে।

‎‎বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, গত কয়েক বছরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। আওয়ামী সরকার আমলে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার কারণে মূল্যস্ফীতি আরো বেড়ে যায়। তবে সমালোচনার মুখে সেই নীতি থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। আর সরকারও বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ করছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ কমলেও বাণিজ্যিক ব্যাংকে তা বেড়েছে।

‎‎২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকায় নামানো হয়। অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দেন ঋণ ৯০ হাজার কোটি টাকার মধ্যে রাখা হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছর ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ চার হাজার কোটি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ব্যাংকের বাইরে সঞ্চয়পত্র থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া অর্থবছরের সংশোধিত বাজেটে সঞ্চয়পত্র থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। তবে গত এপ্রিল পর্যন্ত ১০ মাসে উল্টো ঋণ কমেছে সাত হাজার ৪৩১ কোটি টাকা। প্রতি বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণের একটি লক্ষ্যমাত্রা ধরা হলেও গত তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ উল্টো কমছে।

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা

প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার ১.৮৫ শতাংশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

২৪ মাসে এলডিসি উত্তরণের প্রস্তুতি শেষ করতে চায় সরকার: ইআরডি সচিব

ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ

২০৩০ সালের মধ্যে চার কোটি মানুষকে সর্বজনীন পেনশন স্কিমে আনা হবে

চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক

সংকটময় ব্যাংকিং খাত, তবু নতুন ব্যাংকের আবেদন