হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে

আবু আলী

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এবার সৌদি আরবকে কৌশলগত অংশীদার করতে চায় সরকার। ব্যাংকটির মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি ও সুশাসন প্রতিষ্ঠায় একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে সৌদি আরবকে ব্যাংকটিতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ আনতে নতুন উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কৌশলগত বিনিয়োগের পথ খুঁজতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সম্ভাব্য কৌশলগত বিনিয়োগ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতেই এ সভা ডাকা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সৌদি আরব প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে। বাংলাদেশের বাজারের আকার, ইসলামি ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি, সরকারের সহযোগিতা এবং ব্যাংকটির পুনঃমূলধনীকরণকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেছে দেশটি। সৌদি কর্তৃপক্ষের পাঠানো চিঠির বরাত দিয়ে সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বিনিয়োগের সুযোগ দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করতে পারে। তবে একই সঙ্গে একীভূত ব্যাংকগুলো থেকে স্থানান্তরিত সম্পদের মান, খেলাপি ঋণ, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, মূলধন ঘাটতি, করপোরেট সুশাসন, ব্যবস্থাপনা এবং ব্যাংকটির প্রকৃত আর্থিক মূল্যায়ন নিয়ে ঝুঁকি চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে সম্ভাব্য বিদেশি কৌশলগত বিনিয়োগ আকৃষ্ট করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয় সভায়।

সভায় সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায়, খেলাপি ঋণের অবস্থা, এর বিপরীতে সংরক্ষিত প্রভিশন, মূলধন পর্যাপ্ততা এবং ব্যাংকটির প্রকৃত আর্থিক মূল্যায়ন পর্যালোচনার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া ব্যাংকটির সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, শেয়ার মালিকানার কাঠামো, বিনিয়োগের শর্ত এবং সরকারের বিনিয়োগ করা মূলধনের স্বার্থ সুরক্ষার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বিদেশি বিনিয়োগের কাঠামো, নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন নির্ধারণ করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আমার দেশকে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি, সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদ্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সৌদি বিনিয়োগ আনতে উদ্যোগ নেবে।

জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

সরকারি মালিকানার ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করা ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। ফলে ব্যাংকটি শুরুতেই দেশের অন্যতম বড় মূলধনভিত্তিক ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে। সেজন্যই সরকার বিদেশি কৌশলগত অংশীদার খুঁজছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার আমার দেশকে বলেন, সরকারের সহযোগিতায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে পাঁচটি ব্যাংক একীভূত করে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ এলে ব্যাংকটির সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে।

চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ

রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক

বিসিকের উদ্যোগে ৫১১ উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকা বিতরণ

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের

ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, ৩.৮০ শতাংশ ঋণাত্মক

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিবের যোগ্যতা নির্ধারণ

রমজানে দাম নিয়ন্ত্রণে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ

৬ প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন