পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের জন্য সরকার ইসলামী সুকুক বন্ডের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। এই শরিয়াহভিত্তিক বন্ডে বিনিয়োগের জন্য মোট ৭২ হাজার ৫৯১ কোটি ৯৮ লাখ টাকার আবেদন জমা পড়েছে, যা ঘোষিত পরিমাণের তুলনায় প্রায় ১২ দশমিক ৩০ গুণ বেশি।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত ইস্যু পরিমাণের তুলনায় আবেদন অনেক বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে সুকুক বরাদ্দ দেওয়া হয়েছে। নিলামে শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোজ, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড অংশ নেয়।
প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম)’ ব্যবহার করে এ নিলাম পরিচালনা করা হয়েছে। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্সসহ বিভিন্ন শ্রেণির মোট ১১১১টি হিসাবের বিপরীতে ৪৪১ কোটি ৬২ লাখ টাকার সুকুক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিপরীতে গত বুধবার সরকারের অষ্টম বিনিয়োগ সুকুকের নিলাম অনুষ্ঠিত হয়। সাত বছর মেয়াদি এ ইজারা সুকুকে বিনিয়োগকারীরা বার্ষিক ১০ দশমিক ৪০ শতাংশ হারে মুনাফা বা ভাড়া পাবেন।
কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে, সুকুক ইস্যুর মাধ্যমে সরকার শরিয়াহভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর তহবিল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করতে পারবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের বিকল্প ক্ষেত্রও তৈরি হয়েছে। সুকুকের মাধ্যমে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্যও শরিয়াহভিত্তিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো তাদের ক্রয়কৃত সুকুক স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ (এসএলআর) হিসেবে ব্যবহার করতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ইসলামিক শাখা ও উইন্ডো বাংলাদেশ ব্যাংকের ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)’ সুবিধাও গ্রহণ করতে পারবে।